দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে দুই অটোরিকশা চালকের মৃত্যু ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে জেলার মাধবদী থানা ও পলাশ থানার পৃথক স্থানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহতরা হলেন, পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামের মৃত মোমেন মিয়ার ছেলে আল মামুন (১৯) এবং মাধবদী থানার চাঁনগাও এলাকার মোতালেব মিয়ার ছেলে মনসুর আলী (৩৫)। উভয়েই ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
নিহতদের স্বজনরা জানিয়েছেন, বুধবার দুপুরে আল মামুনের সঙ্গে প্রতিবেশী ইসমাইল মিয়া, তার ছেলে হযরত আলী ও আজিজুলের মধ্যে গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে ঝগড়া হয়। এর জের ধরে বিকেলে আল মামুনের বাড়িতে হামলা চালিয়ে একটি অটোরিকশা ও একটি টিনের ঘর ভাংচুর করা হয়। বৃহস্পতিবার মিমাংসার চেষ্টা ব্যর্থ হলে শুক্রবার বেলা ১১টার দিকে আল মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে স্থানীয় একটি ইটভাটার পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে হামলাকারীরা চলে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিপাশা মাসুদ জানান, আল মামুনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে একই দিনে মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের চাঁনগাও এলাকার একটি পুকুর থেকে মনসুর আলীর (৩৫) মরদেহ উদ্ধার করা হয়। মনসুর বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। ভাসমান মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে তার স্ত্রী নাজমা আক্তার মরদেহটি স্বামী মনসুরের বলে শনাক্ত করেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন চন্দ্র সরকার জানান, আল মামুন প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার জেরে হত্যার শিকার হয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। মনসুর আলীর মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। দুই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএস/